দেশের ২১ জেলার ১০৬ সীমান্ত রুট মাদক পাচারের ঝুঁকিতে
দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে দেশে প্রবেশ করছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। তবে পাচারকারীদের তৎপরতা শুধু স্থলসীমান্তেই সীমাবদ্ধ নয়। সুন্দরবনের নদীপথ থেকে শুরু করে বঙ্গোপসাগরের জলসীমাও ব্যবহার করছে মাদক চোরাচালান চক্র।
বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে মাদক প্রবেশের এসব রুটের তথ্য উঠে এসেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। একই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি প্রতিবেদন জমা দেয়। তিন সংস্থার প্রতিবেদনে দেশের বিভিন্ন সীমান্ত ও জলপথে মাদক চোরাচালানের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে।
বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন পথে দেশে প্রবেশ করছে এসব মাদক। সংস্থাটি দেশের ২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
এর মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার ২৫টি রুট সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব পথ দিয়ে প্রধানত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম প্রবেশ করে। অন্যদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩৯টি স্থান দিয়ে মূলত ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ পাচার হয়।
এ ছাড়া যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ২২টি সীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব পথ দিয়ে প্রধানত ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আরও ২০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সীমান্ত দিয়ে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট দেশে প্রবেশ করছে।
মাদক চোরাচালান প্রতিরোধে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির প্রতিবেদনে মাদক উদ্ধারের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সংস্থাটি ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। একই সময়ে ৩২ কেজি ক্রিস্টাল মেথ, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল এবং ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৭৭ জনকে।
নদী ও সমুদ্রপথেও মাদক পাচার
স্থলসীমান্তের পাশাপাশি নদী ও সমুদ্রপথকেও মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে চোরাচালান চক্র। কোস্টগার্ডের প্রতিবেদনে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারকে মাদক প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে দেশে প্রবেশ করছে ইয়াবা ও আইস। দক্ষিণ-পূর্ব সীমান্তের স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌযানে করে সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার করে। ফেরার সময় এসব নৌযানে করেই বাংলাদেশে নিয়ে আসে ইয়াবা ও ক্রিস্টাল মেথ।
অন্যদিকে সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ দিয়ে ফেনসিডিল ও গাঁজা প্রবেশের তথ্য পেয়েছে কোস্টগার্ড। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র মাছ ধরার ট্রলার, পণ্যবাহী নৌযান ও স্থানীয় সহযোগীদের ব্যবহার করে এসব মাদক পরিবহন ও সরবরাহ করছে।
কোন দেশ থেকে আসছে কোন মাদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে সীমান্তবর্তী জেলাগুলোকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন মাদকের উৎস সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারগোলা, সিত্তে ও আল লে থান খেয়া অঞ্চল থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা বাংলাদেশে আসে। ২০২০ সাল থেকে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ প্রবেশের তথ্যও রয়েছে।
অন্যদিকে ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলাসংলগ্ন সীমান্ত অঞ্চলকে গাঁজা প্রবেশের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হেরোইনের বেশির ভাগ আসে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে পপি চাষ কমে যাওয়ার পর মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে পপি চাষ বাড়ার তথ্য পাওয়া গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের মাদক চোরাচালানেও। টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন পাচার বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
নজরদারি ও সমন্বিত অভিযান জোরদারের সুপারিশ
মাদক চোরাচালান বন্ধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে তিন সংস্থাই। বিজিবি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, ড্রোন ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ব্যবহারের সুপারিশ করেছে।
কোস্টগার্ডের প্রতিবেদনে উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় টহল জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরবরাহ কমাতে অভিযান, মামলা ও আসামি গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটিও মাদক চোরাচালান প্রতিরোধে সমন্বিত নজরদারি ও অভিযান জোরদারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, যেসব জায়গা দিয়ে দেশে মাদক প্রবেশ করে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
সব মিলিয়ে, দেশের ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটের পাশাপাশি নদী ও সমুদ্রপথে মাদক চোরাচালানের বিস্তার নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার নয়, এর পেছনে থাকা সংঘবদ্ধ চক্র, অর্থের জোগানদাতা এবং পাচার নেটওয়ার্ক শনাক্ত করে ব্যবস্থা নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।



.png)
.png)