ভিনিসিয়ুস
মাঠের লড়াইয়ে ধাক্কার পর এবার ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এর মধ্যেই প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর সামনে এসেছে।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তাঁদের সম্পর্কের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, দুজনের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। বরং পারস্পরিক সম্মতিতেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে এ বিষয়ে ভিনিসিয়ুস কিংবা ফনসেকা কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ভিনিসিয়ুস ও ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্ক অবশ্য একাধিকবার ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেছে। গত মে মাসে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে জুলাইয়ে আবারও একসঙ্গে দেখা যেতে শুরু করে দুজনকে।
এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হয়েছেন তাঁরা। সর্বশেষ গত সেপ্টেম্বরের মাঝামাঝি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে হাজির হয়েছিলেন ভিনিসিয়ুস ও ফনসেকা। তাঁদের সেই উপস্থিতি নতুন করে সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দেয়। কিন্তু মাস পেরোনোর আগেই আবারও বিচ্ছেদের খবর সামনে এল।
এদিকে মাঠের বাইরের এই খবরের পাশাপাশি ভিনিসিয়ুসের সামনে এখন বড় দুশ্চিন্তা লাল কার্ডের শাস্তি। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে রেফারির ম্যাচ প্রতিবেদনে তাঁর দিকে ‘আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার’ বিষয়টিও উল্লেখ করা হয়।
লাল কার্ডের কারণে সাধারণত এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। সে হিসাবে আগামী ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। তবে রেফারির সঙ্গে আচরণের ঘটনায় শাস্তির মেয়াদ বাড়তে পারে। তেমনটি হলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হতে পারে তাঁকে।
সব মিলিয়ে মাঠের শাস্তি আর ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ—দুই দিক থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা।



.png)
.png)