নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এদের একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাঁদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।
আইসিইউতে ভর্তি তিন শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, দ্বিতীয় তলার লাইব্রেরির বইয়ে আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।



.png)
.png)