ঢাকা,  সোমবার
০৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

পাসপোর্ট ও এনআইডির আবেদনে শেখ হাসিনা যা লিখেছেন

প্রকাশিত: ১৩:১৫, ৯ নভেম্বর ২০২৬

পাসপোর্ট ও এনআইডির আবেদনে শেখ হাসিনা যা লিখেছেন

শেখ হাসিনা

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বরাবর আইনজীবীর মাধ্যমে তিনি এ আবেদন করেন। আবেদনসংক্রান্ত একটি চিঠি চ্যানেল ২৪-এর হাতে এসেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী নিজেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আইনি পরামর্শদাতা উল্লেখ করে লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা বিবেচনায় এ আবেদন করা হয়েছে। আবেদন দুটি দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে হাইকমিশনের পরামর্শও চেয়েছেন তাঁর আইনজীবী। পাশাপাশি আবেদনটি সময়মতো বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতে স্বেচ্ছানির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরতে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে একটি চিঠির সূত্রে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement
Advertisement

আরো পড়ুন