রাকুল প্রীত সিং
খাবারের ক্ষেত্রে স্বাদের পাশাপাশি ফিটনেসের বিষয়টিও গুরুত্ব দেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। শরীরচর্চার পাশাপাশি খাবারদাবার নিয়েও বেশ সচেতন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের খাদ্যাভ্যাস ও পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ভারতের জনপ্রিয় বেশ কয়েকটি খাবার তাঁর পছন্দের তালিকায় নেই।
‘দ্য রণবীর শো’ পডকাস্টে রাকুল জানান, কোনো খাবার একেবারেই পছন্দ না হলেও অন্তত একবার চেখে দেখার অভ্যাস রয়েছে তাঁর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটা অভ্যাস হলো, যেকোনো খাবার অন্তত এক কামড় খেয়ে দেখি।’
তবে কয়েকটি খাবারের প্রতি তাঁর বিশেষ আগ্রহ নেই। এর মধ্যে প্রথমেই রয়েছে জিলাপি। মজার বিষয় হলো, জিলাপি তাঁর মায়ের খুব পছন্দের খাবার। কিন্তু রাকুলের কাছে এই মিষ্টির স্বাদ খুব একটা আকর্ষণীয় নয়। অভিনেত্রীর ভাষায়, ‘জিলাপির ব্যাপারটা আমি বুঝি না। যদিও এটা আমার মায়ের খুব পছন্দের।’
দিল্লিতে বেড়ে উঠেছেন রাকুল। শহরটির জনপ্রিয় খাবার ছোলে ভাটুরে হলেও এই খাবারেও তাঁর পছন্দ কিছুটা আলাদা। ছোলার তরকারি খেতে আপত্তি নেই তাঁর, তবে সঙ্গে পরিবেশন করা তেলে ভাজা ভাটুরা এড়িয়ে চলেন। ভাটুরা মূলত ময়দা দিয়ে তৈরি একধরনের ফুলকো রুটি, যা ডুবোতেলে ভাজা হয়।
শুধু জিলাপি বা ভাটুরাই নয়, পেঁয়াজু, পাকোড়া ও ব্রেড পাকোড়ার মতো ভাজাপোড়াও পছন্দ করেন না এই অভিনেত্রী। বিশেষ করে তেলে ভাজা খাবার থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
তবে রাকুলের খাবারের তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম বাটার চিকেন। একবার একটি রেস্তোরাঁয় এই খাবার তৈরির পদ্ধতি দেখেছিলেন তিনি। রান্নায় একসঙ্গে চারটি বাটার কিউব ব্যবহার করতে দেখে অবাক হয়ে যান। এরপর থেকেই বাটার চিকেন খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় তাঁর।
হাসতে হাসতে রাকুল বলেন, ‘আমি জিমে টানা চার দিন ব্যায়াম করেও এই খাবারের ক্যালরি ঝরাতে পারব না।’
চিজকেকের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। একবার নিজের সামনে চিজকেক তৈরি হতে দেখেছিলেন তিনি। তৈরির উপকরণ ও পদ্ধতি দেখার পর থেকেই খাবারটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। রাকুলের কথায়, ‘একবার চিজকেক তৈরি করতে দেখেছিলাম। এরপর শপথ করেছি, আর চিজকেক খাব না।’
অবশ্য এসব খাবার একেবারেই চেখে দেখেন না, বিষয়টি তেমন নয়। বরং খাবারের উপকরণ ও তৈরির পদ্ধতি সম্পর্কে জানার পর কোনটি খাবেন, সে বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেন তিনি। রাকুলের কাছে খাবারের স্বাদের পাশাপাশি সেটি শরীরে কতটা ক্যালরি যোগ করছে, সেটিও গুরুত্বপূর্ণ। তাই পছন্দের খাবার বেছে নেওয়ার সময় স্বাদের সঙ্গে ফিটনেসের হিসাবও মাথায় রাখেন এই অভিনেত্রী।



.png)
.png)