জাপানি শিল্পী কাতসুশিকা হোকুসাইয়ের ১৮৩১ সালের অনবদ্য শিল্পকর্ম ‘দ্য গ্রেট ওয়েভ’ আজ বিশ্বজুড়ে এক শক্তিশালী সাংস্কৃতিক প্রতীক। তবে ছবিটির মধ্যে এমন এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যা দর্শকদের বিভ্রান্তও করে। লন্ডনে নতুন এক প্রদর্শনীতে ছবিটির বিভিন্ন সংস্করণ তুলে ধরা হয়েছে। কিন্তু কী এমন রহস্য লুকিয়ে আছে এই অসাধারণ শিল্পকর্মে, যা প্রায় দুই শতাব্দী ধরে মানুষের কৌতূহল ধরে রেখেছে?
কাতসুশিকা হোকুসাইয়ের বিখ্যাত কাঠখোদাই চিত্রকর্ম ‘আন্ডার দ্য ওয়েভ অফ কানাগাওয়া’—যা বর্তমানে ‘দ্য গ্রেট ওয়েভ’ নামেই বেশি পরিচিত—এর ঢেউয়ের চূড়ায় উঠে আসা নখরসদৃশ অংশগুলোই দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। ১৮৩১ সালে তৈরি এই ছবির ভয়ংকর ঢেউয়ের নখরের মতো বাঁকানো অংশ নজর কেড়েছিল বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ এবং তাঁর ভাই থিওরও।
১৮৮৮ সালের সেপ্টেম্বরে দুই ভাই চিঠিতে ছবিটি নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার বলেছিলেন, ‘এই ঢেউগুলো যেন নখর। নৌযানগুলো এর মধ্যে আটকা পড়েছে, বিষয়টি যেন অনুভব করা যায়।’
প্রায় দুই শতাব্দী ধরে মানুষের কল্পনাকে আলোড়িত করে চলেছে হোকুসাইয়ের এই অসাধারণ শিল্পকর্ম। আকারে তুলনামূলক ছোট এবং প্রুশিয়ান নীল রঙের প্রাধান্য থাকা ছবিটি লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’, ইয়োহানেস ফারমিয়ারের ‘গার্ল উইথ আ পার্ল ইয়াররিং’ কিংবা ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’-এর মতোই বিশ্বশিল্পের ইতিহাসে সবচেয়ে পরিচিত চিত্রকর্মগুলোর একটি।
তবে ভ্যান গঘ ভ্রাতৃদ্বয়ের আলোচনায় একটি বিষয় লক্ষণীয়। তাঁরা ছবিতে আসলে কী দেখানো হয়েছে, তা মনে করতে গিয়ে কিছুটা ভুল করেছিলেন।
ছবিটি ভালোভাবে দেখলে বোঝা যায়, ঢেউয়ের নখরে শুধু একটি নয়, আটকা পড়েছে তিনটি নৌযান। জাপানি ভাষায় এগুলোকে বলা হয় ‘ওশিওকুরি-বুনে’। লম্বা ও সরু আকৃতির এসব পণ্যবাহী নৌকা ছবিটির কোনো তুচ্ছ বা অস্পষ্ট অংশ নয়। বরং এগুলোর উপস্থিতি এবং ঢেউয়ের মধ্যে বিপজ্জনক অবস্থায় আটকে পড়াই ছবিটির মূল গল্পের গুরুত্বপূর্ণ অংশ। অথচ এত গুরুত্বপূর্ণ বিষয়ও অনেক মনোযোগী দর্শকের চোখ এড়িয়ে যায়। এটাই ছবিটির অদ্ভুত আকর্ষণ ও বিভ্রান্ত করার ক্ষমতার অন্যতম দিক।
‘দ্য গ্রেট ওয়েভ’ মূলত খুব অল্প কয়েকটি উপাদান দিয়ে তৈরি। তিনটি নৌকা, উত্তাল ঢেউ, ঘনিয়ে আসা আকাশ এবং দূরে বরফে ঢাকা চূড়াবিশিষ্ট ছোট্ট মাউন্ট ফুজি। কিন্তু এত সাধারণ উপাদানের মধ্যেও শিল্পী কী বোঝাতে চেয়েছেন, তা এখনো রহস্যময়।
এটি কি প্রকৃতির অপরিসীম শক্তির সামনে মানুষের অসহায়ত্বের চিত্র? নাকি আসন্ন বিপর্যয়ের মুখেও মানুষের অদম্য সাহস ও টিকে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি? ঢেউয়ের ক্ষণস্থায়ী অস্তিত্বের বিপরীতে পাহাড়ের স্থায়িত্বের মাধ্যমে কি জীবনের নশ্বরতা ও আত্মার অবিনশ্বরতার কথা বোঝানো হয়েছে? নাকি উত্তাল ঢেউয়ের বিপজ্জনক ফাঁক দিয়ে নির্বিকারভাবে তাকিয়ে থাকা মাউন্ট ফুজি আসলে সুরক্ষাদানকারী কোনো ঐশ্বরিক শক্তির প্রতীক?
বর্তমানে ইমোজি, মিম, লেগো সেট থেকে শুরু করে জাপানের এক হাজার ইয়েনের নোটেও জায়গা করে নিয়েছে ‘দ্য গ্রেট ওয়েভ’। ছবিটির এমন বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও আবেদন যেন আগেই আঁচ করতে পেরেছিলেন হোকুসাই। তাই তিনি একই বিষয়কে কেন্দ্র করে আরও অনেকগুলো চিত্রকর্ম তৈরি করেছিলেন। এসব ছবির মধ্যেই লুকিয়ে আছে ‘দ্য গ্রেট ওয়েভ’-এর অর্থ ও গভীরতা বোঝার সূত্র।
হোকুসাইয়ের ‘থার্টি-সিক্স ভিউজ অব মাউন্ট ফুজি’ সিরিজের চিত্রকর্মগুলো বর্তমানে লন্ডনের ডুলউইচ পিকচার গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। যুক্তরাজ্যে এই প্রথমবারের মতো পুরো সিরিজের ৩৬টি ছবির পাশাপাশি পরবর্তী সময়ে যুক্ত করা আরও ১০টি ছবি একসঙ্গে প্রদর্শিত হচ্ছে।
এই সিরিজ তৈরির সময় হোকুসাই নিজেকে নতুনভাবে আবিষ্কারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ষাটের দশকের শেষ দিকে গুরুতর স্ট্রোক থেকে বেঁচে ফেরার পর তিনি জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। দীর্ঘদিন ধরেই পাহাড়টি অমরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এরপর তিনি পাহাড়টির বিভিন্ন রূপ, অবস্থান ও পরিবর্তনশীল সৌন্দর্য নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরার উদ্যোগ নেন। ধর্মীয় শ্রদ্ধা ও তীর্থযাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত এই পাহাড়ের প্রতি মানুষের আকর্ষণও তাঁর শিল্পকর্মে বিশেষ গুরুত্ব পায়।
‘দ্য গ্রেট ওয়েভ’-এর মতো অন্য কোনো ছবি মানুষের সাংস্কৃতিক চেতনায় এতটা স্থায়ী জায়গা করে নিতে না পারলেও সিরিজের প্রতিটি ছবিই এই বিখ্যাত শিল্পকর্মকে নতুনভাবে বুঝতে সাহায্য করে। এর মধ্য দিয়ে সামনে আসে এমন কিছু বিষয়, যা সাধারণভাবে ছবিটি দেখলে চোখ এড়িয়ে যেতে পারে।
জেলেদের অসহায়ত্ব ও টিকে থাকার লড়াই
‘থার্টি-সিক্স ভিউজ অব মাউন্ট ফুজি’ সিরিজের ‘কাজিকাজাওয়া ইন কাই প্রভিন্স’ ছবিটির দিকে তাকানো যাক। এখানে দেখা যায়, উত্তাল ফুজি নদীর পাশে একটি পাথুরে খাঁজের ওপর বিপজ্জনকভাবে অবস্থান করছেন এক জেলে। তিনি নদীতে মাছ ধরার জন্য সুতা ফেলছেন।
ক্ষণস্থায়ী জীবনের মধ্যেও চিরন্তন কোনো কিছুর সন্ধান পাওয়ার চেষ্টা—এই ভাবনাকে সামনে এনেছেন হোকুসাই। ছবিতে জেলেটির মাছ ধরার সুতাগুলো এতটাই সূক্ষ্মভাবে আঁকা হয়েছে যে প্রথম দেখায় সেগুলো চোখে পড়ে না। কিন্তু সুতাগুলোকে নদীর প্রবল স্রোতের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে। সুতার রেখাগুলো জেলেটিকে এমন এক জ্যামিতিক বিন্যাসে আটকে রেখেছে, যা পেছনে থাকা বিশাল পাহাড়ের ত্রিভুজাকৃতির সঙ্গে মিলে যায়।
এই ছবিটি দেখার পর ‘দ্য গ্রেট ওয়েভ’-এর তিনটি নৌকার বৈঠা চালানো অসংখ্য নামহীন মাঝির কথাও নতুনভাবে মনে পড়ে। আগের ছবিতে যাদের উপস্থিতি প্রায় অস্পষ্ট, এই ছবিতে সেই সাধারণ মানুষের জীবনসংগ্রাম আরও স্পষ্ট ও আবেগপূর্ণ হয়ে ওঠে।
দুটি ছবি পাশাপাশি রাখলে ‘কাজিকাজাওয়া ইন কাই প্রভিন্স’-এ জেলের হাতে এসে মিলিত হওয়া মাছ ধরার সুতাগুলোর রেখায় ‘দ্য গ্রেট ওয়েভ’-এর সরু নৌকাগুলোর একটি অস্পষ্ট অবয়ব খুঁজে পাওয়া যায়। মনে হয়, এটি যেন ভবিষ্যতের কোনো বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে, অথবা অতীতে ঘটে যাওয়া কোনো ট্র্যাজেডির স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
অভ্যন্তরীণ ও বাহ্যিক জগতের প্রতিচ্ছবি
আরেকটি ছবির নাম ‘ফুজিমিগাহারা ইন ওওয়ারি প্রভিন্স’। প্রথম দেখায় ছবিটিতে শান্ত, রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখা যায়। ফলে উত্তাল ‘দ্য গ্রেট ওয়েভ’-এর সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া কঠিন।
কিন্তু ছবিটির রচনাশৈলী অত্যন্ত চমৎকার। এখানে অমরত্বের প্রতীক মাউন্ট ফুজিকে প্রায় অদৃশ্য করে ফেলেছেন শিল্পী। সামনের অংশে এক ব্যক্তি কাঠের একটি বিশাল গোলাকার ব্যারেল তৈরি করছেন। ব্যারেলের ভেতরের ফাঁকা অংশ দিয়ে দূরে মাউন্ট ফুজির সামান্য একটি অংশ দেখা যাচ্ছে।
অসমাপ্ত ব্যারেলটি যেন এক বিশাল লেন্স। এর মধ্য দিয়ে একই সঙ্গে পাহাড়টিকে দেখা যাচ্ছে, আবার সেটি আড়ালও হয়ে যাচ্ছে। অর্থাৎ যা আমাদের চোখের সামনে রয়েছে, সেটিই আবার আমাদের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে।
এই ব্যারেলটিকে কল্পনায় গড়িয়ে ‘থার্টি-সিক্স ভিউজ অব মাউন্ট ফুজি’ সিরিজের শুরুতে ফিরিয়ে নিয়ে ‘দ্য গ্রেট ওয়েভ’-এর পাশে রাখলে নতুন একটি বিষয় স্পষ্ট হয়। দূরের পাহাড়কে ঘিরে থাকা বিশাল ঢেউয়ের বাঁক আমাদের দৃষ্টি পাহাড়টির দিকে টেনে নেয়। অথচ একই ঢেউ আবার পাহাড়টিকে আড়ালও করে ফেলে।
এখানে ঢেউ একই সঙ্গে পাহাড়ের চেয়ে শক্তিশালী এবং পাহাড়ের অসীম স্থায়িত্বের বিপরীতে একটি ক্ষণস্থায়ী শক্তি। এর মাধ্যমে হোকুসাই আমাদের দেখার ধরন ও দৃষ্টিভঙ্গিকে বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করেন। অভ্যন্তরীণ ও বাহ্যিক জগতের মধ্যকার সূক্ষ্ম সীমারেখাও উঠে আসে তাঁর শিল্পকর্মে।
সবকিছুই পরিবর্তনশীল
মাউন্ট ফুজির বিভিন্ন রূপের সম্মিলিত উপস্থাপনা থেকে হোকুসাইয়ের ছবিগুলোতে জীবনের পরিবর্তনশীলতা ও অস্তিত্বের আপেক্ষিকতার ধারণা ফুটে ওঠে। এ ভাবনা জাপানের এদো যুগের ‘উকিও-এ’ বা ‘ভাসমান জগৎ’-এর কাঠখোদাই চিত্রকলার সঙ্গেও সম্পর্কিত।
এই ভাবনাকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে সিরিজের আরেকটি ছবি ‘রিফ্লেকশন ইন লেক অ্যাট মিসাকা ইন কাই প্রভিন্স’।
এখানে দেখা যায়, শান্ত পানিতে একটি নৌকায় শুয়ে আছেন এক জেলে। চারপাশে স্থির জলরাশি, সবুজ পাহাড় ও গাছপালা। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট ফুজি।
প্রথম দেখায় ছবিটিকে স্বপ্নময় ও শান্ত মনে হয়। কিন্তু একটু গভীরভাবে তাকালে দেখা যায়, হ্রদের পানিতে পাহাড়টির যে প্রতিবিম্ব পড়েছে, সেটি বাস্তব পাহাড়ের সঙ্গে পুরোপুরি মেলে না। ছবির নিচের অংশজুড়ে থাকা সেই প্রতিবিম্বে বসন্ত বা গ্রীষ্মের সবুজ পাহাড় নয়, বরং গভীর শীতের বরফে ঢাকা মাউন্ট ফুজির প্রতিচ্ছবি দেখা যায়।
অর্থাৎ একই পাহাড়কে দুটি ভিন্ন ঋতুর রূপে তুলে ধরেছেন শিল্পী। এর মধ্য দিয়ে বাস্তবতা ও প্রতিবিম্বের পার্থক্য এবং সময়ের পরিবর্তনশীলতা ফুটে উঠেছে।
আবার ‘দ্য গ্রেট ওয়েভ’-এর দিকে ফিরে তাকালে দেখা যায়, সেখানেও মাউন্ট ফুজির স্থির ও অপরিবর্তনীয় রূপ নিয়ে একই ধরনের খেলা করেছেন হোকুসাই।
ছবিটির সিরিজের নাম ‘থার্টি-সিক্স ভিউজ অব মাউন্ট ফুজি’ না হলে অনেক দর্শক দূরের ছোট্ট পাহাড়টিকে হয়তো খেয়ালই করতেন না। বরং বরফে ঢাকা পাহাড়ের চূড়াকে দূরের কোনো ছোট উত্তাল ঢেউয়ের ফেনা বলে ভুল করতে পারতেন।
হোকুসাইয়ের শিল্পভাবনায় সবকিছুই পরিবর্তনশীল। মাউন্ট ফুজি কখনোই কেবল একটি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নয়। বরং এটি এমন এক শক্তিশালী পরিবর্তনশীল সত্তা, যা মানুষের অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলেমিশে প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করে।
আর এ কারণেই প্রায় দুই শতাব্দী পেরিয়েও ‘দ্য গ্রেট ওয়েভ’ কেবল একটি ঢেউয়ের ছবি হয়ে থাকেনি; এটি হয়ে উঠেছে প্রকৃতি, মানুষের অস্তিত্ব, জীবন ও সময়ের পরিবর্তনশীলতার এক অসাধারণ শিল্পিত প্রতীক।
সূত্র: বিবিসি



.png)
.png)