ঢাকা,  মঙ্গলবার
১৭ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুম কি মৃত্যুঝুঁকির সংকেত?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ১৬ নভেম্বর ২০২৬

বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুম কি মৃত্যুঝুঁকির সংকেত?

বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুম কি মৃত্যুঝুঁকির সংকেত?

দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া কিংবা টেলিভিশন দেখতে দেখতে চোখ লেগে আসা—এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে দিনের বেলা ঘুমানোর প্রবণতা তুলনামূলক বেশি। সাধারণত এতে উদ্বেগের কিছু নেই। তবে রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে নাশতার টেবিলে বসে চোখ খোলা রাখা কঠিন হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

নতুন এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুমানোর প্রবণতা শরীরের ভেতরে থাকা কোনো রোগের লক্ষণ হতে পারে। গবেষকেরা দিনের ঘুমের সময় ও ধরন বিশ্লেষণ করে এর সঙ্গে মৃত্যুঝুঁকির একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকেরা এ গবেষণা পরিচালনা করেন। হার্ভার্ড গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় বয়স্কদের দিনের ঘুমের ধরন ও মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণার প্রধান লেখক চেনলু গাও ম্যাস জেনারেল ব্রিগহামের অ্যানেসথেসিওলজি বিভাগের গবেষক। তাঁর ভাষ্য, বয়স বাড়ার সঙ্গে মানুষের দিনের বেলা ঘুমানোর প্রবণতা যেমন বাড়ে, তেমনি বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে থাকে। তাই দিনের ঘুমের সঙ্গে মৃত্যুঝুঁকির কোনো সম্পর্ক আছে কি না, তা জানতেই গবেষণাটি করা হয়।

এ জন্য গবেষকেরা ব্যবহার করেন ‘রাশ মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্ট’-এর তথ্য। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের উত্তর ইলিনয়ে বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পরিবর্তন নিয়ে এ গবেষণা শুরু হয়।

২০০৫ সাল থেকে এ প্রকল্পের অংশগ্রহণকারীদের টানা ১০ দিন হাতে বিশেষ একটি যন্ত্র পরিয়ে রাখা হয়। এর মাধ্যমে তাঁরা কখন ঘুমাচ্ছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন এবং দিনে কতবার ঘুমাচ্ছেন, তা পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিদিন ঘুমের সময়ের পরিবর্তনও হিসাব করা হয়।

গবেষণাটির বিশেষত্ব হলো, অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে বিশেষ যন্ত্রের সাহায্যে তাঁদের ঘুমের সময় ও ধরন সরাসরি পরিমাপ করেছেন গবেষকেরা।

দিনে বেশি ঘুমালে কী হয়?

২০২৫ সাল নাগাদ গবেষকেরা ১ হাজার ৩৩৮ জন অংশগ্রহণকারীর সর্বোচ্চ ১৯ বছরের তথ্য বিশ্লেষণ করেন। তাঁদের সবার বয়স ছিল ৫৬ বছরের বেশি এবং তাঁরা অবসর জীবন কাটাচ্ছিলেন।

বিশ্লেষণে দেখা যায়, যাঁরা দিনের বেলা বেশি সময় ঘুমান এবং ঘন ঘন ঘুমিয়ে পড়েন, তাঁদের মৃত্যুঝুঁকিও তুলনামূলক বেশি। প্রতিদিন দিনের ঘুমের সময় এক ঘণ্টা বাড়লে মৃত্যুঝুঁকি প্রায় ১৩ শতাংশ বেশি দেখা গেছে। অন্যদিকে, দিনে অতিরিক্ত একবার ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকি ৭ শতাংশ বেশি হওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

তবে দিনের বেলা ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে, এমন সিদ্ধান্তে পৌঁছাননি গবেষকেরা। তাঁদের ধারণা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীরের ভেতরে থাকা কোনো রোগ বা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।

চেনলু গাও বলেন, অনেক সময় দিনের ঘুম শরীরের অবস্থার ইঙ্গিত দেয়। যেমন ফ্লু হলে শরীর দুর্বল লাগে, ক্লান্তি আসে এবং বারবার ঘুম পায়। তখন জ্বর বা অন্যান্য উপসর্গ দেখে অসুস্থতার কারণ বোঝা যায়। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কোনো রোগের স্পষ্ট লক্ষণ না থাকলেও অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।

গবেষক রুইশুয়ে কাইয়ের মতে, সামাজিক যোগাযোগ ও শারীরিক কর্মকাণ্ডের সঙ্গেও দিনের ঘুমের সম্পর্ক থাকতে পারে। যাঁরা অন্য মানুষের সঙ্গে কম মেশেন এবং শারীরিকভাবে কম সক্রিয়, তাঁদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের প্রবণতা বেশি হতে পারে। অবসর জীবনে একাকিত্ব ও একঘেয়েমি থেকেও অনেকে দিনের বেলা ঘুমিয়ে সময় কাটান।

সকালে ঘুম ঘুম ভাব হলে সতর্ক হবেন

দিনের কোন সময়ে ঘুমানো হচ্ছে, সেটিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। দেখা গেছে, যাঁরা সকালে ঘুমান, তাঁদের মৃত্যুঝুঁকি দুপুরের শুরুতে ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৩০ শতাংশ বেশি।

গবেষকদের মতে, রাতে পর্যাপ্ত ও ভালো ঘুমের পর একজন সুস্থ মানুষের সকালে সতেজ থাকার কথা। কিন্তু সকালে ঘুম ঘুম ভাব কাটতে না চাইলে কিংবা বারবার ঘুমিয়ে পড়লে তা শারীরিক কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।

অবশ্য মাঝেমধ্যে দিনের বেলা ঘুমিয়ে পড়লে দুশ্চিন্তার কারণ নেই। চেনলু গাওয়ের পরামর্শ, দিনের ঘুম ২০ মিনিটের মধ্যে সীমিত রাখা ভালো। ঘুম দুপুর ২টা থেকে ৩টার আগেই শেষ করা উচিত। এতে রাতের ঘুমে ব্যাঘাত ঘটার আশঙ্কা কমে।

গবেষকেরা স্পষ্ট করেছেন, এ গবেষণায় দিনের ঘুমের সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও দিনের বেলা ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে—এমন প্রমাণ মেলেনি। বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

তাই দিনের বেলা কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া স্বাভাবিক। তবে রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও যদি নিয়মিত ক্লান্ত লাগে, সকালে ঘুম ঘুম ভাব কাটতে না চায় কিংবা দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়তে হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisement
Advertisement