নতুন বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি, তুরস্কে প্রবৃদ্ধি ১০৭ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ খাতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। বিশেষ করে জাপান, তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতো নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০৭ শতাংশের বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। পণ্যের বৈচিত্র্য আনা এবং ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের চাহিদা বাড়ায় এসব বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
জুলাই-অক্টোবর সময়ে জাপানে বাংলাদেশ থেকে মোট ৫১০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ২ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪৩৭ দশমিক ৩০ মিলিয়ন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪২৭ দশমিক ০৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, জাপানের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
জাপানের তুলনায় তুরস্কের বাজারে প্রবৃদ্ধি আরও বেশি। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে মোট ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ২০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৯৯ দশমিক ৭১ মিলিয়ন ডলারের পোশাক। ফলে এক বছরের ব্যবধানে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
অস্ট্রেলিয়ার বাজারেও ধরে রেখেছে প্রবৃদ্ধির ধারা। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে মোট ৩০৫ দশমিক ৬০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ২৬৪ দশমিক ০২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২৫৬ দশমিক ৩২ মিলিয়ন ডলারের পোশাক। সেই হিসাবে অস্ট্রেলিয়ায় রপ্তানি বেড়েছে ৩ শতাংশ।
তবে নতুন ও অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়লেও দেশের পোশাক শিল্পের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশেষ করে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বাংলাদেশের উদ্যোক্তারা। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগ চান খাতসংশ্লিষ্টরা।
তাদের মতে, নতুন বাজারে প্রবেশের পাশাপাশি বিদ্যমান বাজার ধরে রাখতে হলে বাণিজ্যিক সুবিধা বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
দেশের শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, জাপানের সঙ্গে ইতোমধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি হয়েছে। এ ছাড়া প্রি-ট্রেড ও বিশেষ বাণিজ্য চুক্তি নিয়ে সরকার কাজ করছে। নতুন বাজার তৈরি এবং পুরোনো বাজার ধরে রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রধান রপ্তানি বাজারগুলোর সঙ্গে প্রি-ট্রেড চুক্তি করা প্রয়োজন। এগুলো রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম পূর্বশর্ত।
অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে ক্রেতাদের কাছে পণ্যের দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এতে আন্তর্জাতিক বাজারে অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে।
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা পণ্যের দাম বাড়ালে বিদেশি ক্রেতারা সাধারণত দরকষাকষিতে না গিয়ে অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছেন। ফলে দেশের রপ্তানি বাজার সংকুচিত হচ্ছে। গত কয়েক মাসে রপ্তানি খাতে বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে সরকার কী ধরনের বাস্তবসম্মত সহযোগিতা দিতে পারে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে নিট পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৭ হাজার ৭২৯ দশমিক ০৪ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭ হাজার ২৩৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৪৯১ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
একই সময়ে ওভেন পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৬ হাজার ১৭ দশমিক ৩০ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫ হাজার ৭৫২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। ফলে এ খাতেও রপ্তানি বেড়েছে ২৬৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলার।
সামগ্রিকভাবে নতুন ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবিলায় কার্যকর নীতিসহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।



.png)
.png)