দাঁড়ালেই মাথা ঘোরে? ডায়াবেটিসের কারণে হতে পারে পোস্টুরাল হাইপোটেনশন
ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই বিছানা থেকে ওঠার পর কিংবা বসা অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা বা দুর্বলতা অনুভব করেন। অনেকেই এসব উপসর্গকে সাধারণ শারীরিক দুর্বলতা মনে করে এড়িয়ে যান। তবে এর পেছনে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যার নাম পোস্টুরাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন।
শোয়া বা বসা অবস্থা থেকে দাঁড়ানোর পর হঠাৎ রক্তচাপ কমে গেলে এ সমস্যা দেখা দেয়। দীর্ঘদিনের ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা না হলে অজ্ঞান হয়ে যাওয়া, পড়ে গিয়ে আঘাত পাওয়া এবং অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ে।
কারা বেশি ঝুঁকিতে?
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত কিংবা ডায়াবেটিক নিউরোপ্যাথিয়ায় আক্রান্ত ব্যক্তিদের পোস্টুরাল হাইপোটেনশনের ঝুঁকি বেশি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যায়।
এ ছাড়া কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি, পানিশূন্যতা বা রক্তস্বল্পতায় ভুগছেন এমন মানুষ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু নির্দিষ্ট ওষুধ সেবনকারীদেরও এ সমস্যার ঝুঁকি রয়েছে।
কেন হয়, কী কী উপসর্গ দেখা দেয়?
শোয়া বা বসা অবস্থা থেকে দাঁড়ানোর সময় মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার প্রবণতা তৈরি হয়। সুস্থ মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র ও রক্তনালি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখে। কিন্তু ডায়াবেটিসের কারণে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এ প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে দাঁড়ানোর পর রক্তচাপ কমে গিয়ে বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
পানিশূন্যতা, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এ সমস্যার কারণ হতে পারে।
এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে দাঁড়ানোর পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা অন্ধকার হয়ে আসা, শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা এবং গুরুতর ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া।
কীভাবে রোগ শনাক্ত করা হয়?
পোস্টুরাল হাইপোটেনশন শনাক্ত করতে সাধারণত প্রথমে রোগীকে পাঁচ মিনিট শুইয়ে রেখে রক্তচাপ মাপা হয়। এরপর দাঁড়ানোর এক ও তিন মিনিট পর আবার রক্তচাপ মাপা হয়।
দাঁড়ানোর তিন মিনিটের মধ্যে সিস্টোলিক রক্তচাপ অন্তত ২০ মিলিমিটার পারদ অথবা ডায়াস্টোলিক রক্তচাপ অন্তত ১০ মিলিমিটার পারদ কমে গেলে পোস্টুরাল হাইপোটেনশন হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া রোগীর শারীরিক অবস্থা ও উপসর্গ বিবেচনায় রক্তে শর্করার মাত্রা, এইচবিএ১সি, পূর্ণ রক্ত গণনা (সিবিসি), ইলেকট্রোলাইট এবং কিডনির কার্যকারিতা পরীক্ষা করা হতে পারে। প্রয়োজন অনুযায়ী ইসিজি, টিল্ট-টেবিল পরীক্ষা এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়।
চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
পোস্টুরাল হাইপোটেনশনের চিকিৎসা নির্ভর করে এর কারণ ও তীব্রতার ওপর। চিকিৎসকের পরামর্শে রক্তচাপ কমানোর ওষুধ কিংবা মূত্রবর্ধক ওষুধের মাত্রা পরিবর্তন করতে হতে পারে। তবে নিজে থেকে কোনো ওষুধ বন্ধ করা বা মাত্রা পরিবর্তন করা উচিত নয়।
এ সমস্যা প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করা, শোয়া অবস্থা থেকে ধীরে ধীরে বসা এবং বসা অবস্থা থেকে ধীরে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে কম্প্রেশন স্টকিং ব্যবহার করা যেতে পারে।
তবে হৃদ্রোগ, কিডনি রোগ কিংবা উচ্চ রক্তচাপ থাকলে পানি ও লবণ গ্রহণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি দাঁড়ানোর সময় মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখার মতো উপসর্গকে অবহেলা করা উচিত নয়। কারণ, সময়মতো শনাক্ত ও চিকিৎসা করা গেলে পোস্টুরাল হাইপোটেনশনের জটিলতা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।



.png)
.png)