সৌদি আরব শিশু বিক্ষোভকারী জাওয়াদ কুরাইরিসকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে
শৈশবে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিসহ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। ওই অঞ্চলে শিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
শনিবার এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি প্রভাবশালী শিয়া পরিবারের সদস্য ছিলেন কুরাইরিস। ২০১১-১২ সালে আরব বসন্তের বিক্ষোভের সময় তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ওই সময়ের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাকে শিশু অবস্থায় অভিযুক্ত করা হয়েছিল।
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুরাইরিসের পরিবারের সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার এক ভাই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। অন্য এক ভাইকে মাত্র ১৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ আনা হয়, যার মধ্যে এমন কিছু অপরাধের অভিযোগও ছিল, যেগুলো সংঘটিত হওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৯ বছর।
এদিকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানির মৃত্যুদণ্ড কার্যকরের কথাও জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, ওই দুই ব্যক্তি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা চালানো, জীবন্ত গুলি নিজেদের কাছে রাখা এবং সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন অভিযানে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
এসপিএর বিবৃতি অনুযায়ী, মামলাগুলো বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার করা হয়। সেখানে তাদের অপরাধের দায় প্রতিষ্ঠিত হওয়ার পর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে। পরে রাজকীয় ফরমানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।
২০২০ সালের ডিসেম্বরে কুরাইরিসকে গ্রেপ্তার করা হয়েছিল। বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগ অনুযায়ী, যে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছিল, সেগুলোর কয়েকটিতে অংশ নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর। তার পরিবারের দাবি, নির্যাতনের মাধ্যমে তাকে এমন একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল, যা ছিল মিথ্যা। প্রাণঘাতী নয়, এমন কর্মকাণ্ডকে সন্ত্রাসী অপরাধ হিসেবে দেখিয়ে ওই স্বীকারোক্তি তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে এমন পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনার সময় তারা শিশু ছিল। তারা সবাই পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া পরিবারের সদস্য ছিলেন। ২০১১-১২ সালের আরব বসন্তের সময় ও পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি এসব মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমতের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। গত দুই বছরে খুব স্পষ্টভাবেই দেখা গেছে, এই নীতি শিশুদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।
জিদ বাসিউনি আরও বলেন, বিক্ষোভে অংশ নেওয়ার সময় শিশু থাকা অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আগের চার তরুণের মতো জাওয়াদকেও তথাকথিত ‘সন্ত্রাসী’ অপরাধের মিথ্যা স্বীকারোক্তি দিতে নির্যাতন করা হয়েছিল। এরপর গোপনে তার বিচার, দোষী সাব্যস্ত করা, মৃত্যুদণ্ড দেওয়া এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, শাসনক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখানোয় যুবরাজ কুরাইরিসের পরিবার ও এ ধরনের অন্য পরিবারগুলোর বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছেন। এটি এমন একটি শাসনব্যবস্থা, যেখানে রাজনৈতিক দমন-পীড়ন ও ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়।
বাসিউনি বলেন, সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের নীরব দর্শক হয়ে থাকা উচিত নয়। অবিলম্বে হস্তক্ষেপ করে ইউসুফ আল-মানাসিফের আসন্ন মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে উদ্যোগ নিতে হবে।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঐতিহাসিকভাবে সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র। দেশটির বিপুল তেলের মজুতও এই অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে শিয়া সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলের জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। ফলে সৌদি সরকারের সঙ্গে শিয়া জনগোষ্ঠীর বিরোধ ও উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পূর্বাঞ্চলীয় প্রদেশ।
সূত্র: মিডলইস্ট আই



.png)
.png)