ঢাকা,  সোমবার
০৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

কৃষিঋণ মওকুফে অনিয়মের অভিযোগ, পুরোনো ঋণকে নতুন করে সাজিয়ে সরকারের অর্থ আদায়

প্রকাশিত: ০৯:৩৯, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৬, ৯ নভেম্বর ২০২৬

কৃষিঋণ মওকুফে অনিয়মের অভিযোগ, পুরোনো ঋণকে নতুন করে সাজিয়ে সরকারের অর্থ আদায়

কৃষিঋণ মওকুফে অনিয়মের অভিযোগ

কৃষকদের জন্য সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিয়ম লঙ্ঘন করে ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে এক থেকে দেড় লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পরে সেই ঋণ থেকে বাড়তি সুদ বাদ দিয়ে ২০ হাজার টাকা দেখিয়ে সরকারের কাছ থেকে মওকুফের অর্থ নেওয়া হয়েছে। এতে একদিকে সরকারের অর্থের অপব্যবহার হয়েছে, অন্যদিকে ব্যাংকের পুরোনো অনিয়মও আড়াল করার সুযোগ তৈরি হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকটি দীর্ঘদিনের পুরোনো এমনকি কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন ঋণও মওকুফের আওতায় এনেছে। এতে ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদেরও দায়মুক্তির সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী, কোনো কৃষিঋণের সুদসহ মোট পাওনা মূল ঋণের দ্বিগুণ হলে নতুন করে সুদ আরোপ করা যাবে না। কিন্তু কৃষি ব্যাংকের বিরুদ্ধে এই নির্দেশনা অমান্য করে ঋণের পরিমাণ বাড়ানোর অভিযোগ রয়েছে। পরে এসব ঋণের বাড়তি সুদ ব্যাংকের আয় খাতে দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আয় খাতে স্থানান্তর করা সুদ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষে মওকুফ করার সুযোগ নেই।

ফলে সরকারি ঋণ মওকুফের সুবিধা কার্যকর করতে গিয়ে ব্যাংকটি নিজেদের আয় খাত থেকে বিপুল অঙ্কের অর্থ বাদ দিয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, বিষয়টি কয়েকটি শাখার বিচ্ছিন্ন অনিয়ম নয়; পর্ষদ, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে এ কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঋণের পরিমাণ বাড়িয়ে মওকুফের সুবিধা

টাঙ্গাইলের সখিপুর উপজেলার গৌরগোবিন্দপুরের রফিকুল ইসলামের নামে কৃষি ব্যাংকের সখিপুর শাখায় ঋণ ছিল ১০ হাজার টাকা। সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৪ হাজার ৪৩৯ টাকা। কিন্তু মওকুফের প্রস্তাবে ঋণটি দেখানো হয় ২০ হাজার টাকা। বাকি ১ লাখ ৩৪ হাজার টাকার সুদ ব্যাংকের আয় খাত থেকে বাদ দিয়ে সরকারি সুবিধার আওতায় ঋণটি নিষ্পত্তি করা হয়।

একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া শাখার জয়ন্ত কুমার দাশের ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে ৯৪ হাজার ৭৩ টাকায় পৌঁছায়। পরে ৭৪ হাজার ৭৩ টাকা আয় খাত থেকে বাদ দিয়ে ২০ হাজার টাকা দেখিয়ে ঋণটি মওকুফ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখার শহীদ মিয়ার ঋণের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এই তিনটি ঋণ নিষ্পত্তি করতে ব্যাংককে আয় খাত থেকে মোট ৩ লাখ ৩ হাজার ৬০ টাকা বাদ দিতে হয়েছে।

হাজার হাজার ঋণে অনিয়মের অভিযোগ

সমকালের অনুসন্ধানে কৃষি ব্যাংকের ৩৩ হাজার ৪৭৯টি ঋণের তথ্য যাচাই করা হয়েছে, যা ব্যাংকটির মোট মওকুফ করা ঋণের ৪ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ৩৩ হাজার ৪৪৯টি ঋণ ব্যাংকের ৯০৭তম পর্ষদ সভায় অনুমোদিত হয়।

এসব ঋণ ছিল ৪১১টি শাখায়। ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুমোদিত ঋণের মধ্যে ১৯৭৯ থেকে ১৯৯১ সালের মধ্যে সৃষ্টি হয়েছে ১১ হাজার ৪৪৬টি। ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে সৃষ্টি হয়েছে ৯ হাজার ৬০০টি এবং ২০০২ থেকে ২০১৮ সালের মধ্যে সৃষ্টি হয়েছে ১১ হাজার ৭৭৪টি ঋণ। বাকি ৬২৯টি ঋণ সৃষ্টি হয়েছে ২০১৯ সালের পর।

এসব ঋণের বিপরীতে ব্যাংকের মোট পাওনা ছিল ৩৪ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা। মওকুফের আওতায় আনতে ৫ কোটি ৩৫ লাখ টাকার সুদ আয় খাত থেকে বাদ দিয়ে ঋণগুলো নির্ধারিত সীমায় নামানো হয়। এরপর সরকার থেকে নেওয়া হয় ২৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা।

অস্তিত্বহীন গ্রাহকের নামেও ঋণ মওকুফ

নারায়ণগঞ্জের আড়াইহাজার শাখায় প্রায় এক হাজার গ্রাহকের চার কোটির বেশি টাকার ঋণ মওকুফের সুবিধা নেওয়া হয়েছে। সেখান থেকে আটজন গ্রাহকের তথ্য নিয়ে অনুসন্ধানে নামে সমকাল। ব্যাংকের নথিতে দেওয়া ঠিকানা ধরে সরেজমিনে গিয়ে তাঁদের কাউকেই পাওয়া যায়নি।

পরে শাখা ব্যবস্থাপকের দেওয়া আরও ১০ জন গ্রাহকের ঠিকানা যাচাই করেও তাঁদের সন্ধান মেলেনি। এসব ব্যক্তির নাম-ঠিকানা স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের দেখানো হলে তাঁরাও তাঁদের কাউকে চেনেন না বলে জানান।

আড়াইহাজার শাখার ব্যবস্থাপক ফয়সল আহমেদ ভূঁইয়া জানান, ঋণ মওকুফের পুরো প্রক্রিয়া আঞ্চলিক ও প্রধান কার্যালয় থেকে সম্পন্ন হয়েছে। তিনি ২০২৫ সালে ওই শাখায় যোগ দিয়েছেন বলে এসব ঋণের বিষয়ে বিস্তারিত জানেন না।

তবে কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন বলেন, নদীভাঙনসহ বিভিন্ন কারণে অনেক গ্রাহককে তাঁদের পুরোনো ঠিকানায় পাওয়া যায় না। তাঁর মতে, ঠিকানায় না পাওয়ার অর্থ এই নয় যে তাঁদের অস্তিত্ব নেই। তবে কাজ করতে গেলে ভুল হতে পারে, এ ক্ষেত্রেও দু-একটি ভুল হয়ে থাকতে পারে।

ম্যানুয়ালি আবেদন পাঠানোর নির্দেশ

অনুসন্ধানে আরও দেখা গেছে, ঋণ মওকুফের আবেদন পাঠানোর ক্ষেত্রে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আঞ্চলিক কার্যালয়গুলোকে ম্যানুয়ালি বা কাগজে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

সাধারণত ব্যাংকের এ ধরনের কাজ কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এতে লেনদেনের তারিখ, পরিচিতি ও অর্থের হিসাব ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। কিন্তু ম্যানুয়ালি কাজ করলে সেই ডিজিটাল রেকর্ড বা ফুটপ্রিন্ট থাকে না। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অনিয়মের চিহ্ন আড়াল করতেই এ পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়ে থাকতে পারে।

এদিকে, শুরুতে শাখাগুলো থেকে যথাযথ প্রস্তাব পাঠানো হলেও পরবর্তী সময়ে অনিয়মপূর্ণ ঋণগুলো মওকুফের আওতায় আনার জন্য চাপ বাড়তে থাকে বলে কয়েকজন শাখা কর্মকর্তা জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন কৃষি ব্যাংক ১১ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে।

ব্যাংকের বক্তব্য ও বাংলাদেশ ব্যাংকের অবস্থান

অনুসন্ধানে উঠে আসা অভিযোগের বিষয়ে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী কৃষিঋণের সুদ হিসাব করা হয়েছে। ঋণ দ্বিগুণ হওয়ার পর নতুন করে সুদ আরোপ করা হয়নি। প্রতিটি ঋণের হিসাব যাচাই করে শাখার সুপারিশ ও নিরীক্ষা কার্যালয়ের প্রত্যয়নসহ প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। পরে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ব্যাংকটির দাবি, ঋণ মওকুফে কোনো অনিয়ম হয়নি। জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ কিংবা ইচ্ছাকৃত খেলাপিদের ঋণ মওকুফ করা হয়নি। ২০২১ সালে ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখাই অনলাইন ব্যবস্থার আওতায় এসেছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক উপকৃত হয়েছেন এবং তাঁদের নতুন করে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে অভিযোগগুলোকে গুরুতর হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, অভিযোগগুলো জালিয়াতির পর্যায়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবে। প্রয়োজনে কৃষি ব্যাংকের ওপর বিশেষ নিরীক্ষা চালানো হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement