ভারতের পানিপথে টেক্সটাইল কারখানায় প্রতিদিন অঙ্গ হারাচ্ছেন শ্রমিকেরা
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে টেক্সটাইল পুনর্ব্যবহার শিল্পে শ্রমিকদের কর্মপরিবেশ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব, ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি এবং দুর্বল সরকারি তদারকির কারণে সেখানে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে প্রতিদিন অন্তত একজন শ্রমিক হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারাচ্ছেন। কোনো কোনো দিন এই সংখ্যা পাঁচজনেও পৌঁছায়। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার অধিকাংশ শ্রমিকই পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন সুবিধা।
পুলিৎজার সেন্টারের সহায়তায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, পানিপথে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১০ লাখ টনের বেশি ব্যবহৃত পোশাক পুনর্ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফেলে দেওয়া এসব পোশাক এনে যন্ত্রের সাহায্যে ছিন্ন করে তন্তুতে রূপান্তর করা হয়। পরে এসব তন্তু থেকে সুতা তৈরি করে উৎপাদন করা হয় নানা ধরনের পণ্য।
এ কারণে পানিপথ বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল পুনর্ব্যবহারকেন্দ্রে পরিণত হয়েছে। শহরটির প্রায় ২০ হাজার কারখানায় কাজ করেন আনুমানিক তিন লাখ শ্রমিক। এসব কারখানায় তৈরি আসবাব ও গৃহসজ্জার সামগ্রী সরবরাহ করা হয় এইচঅ্যান্ডএম হোম, আইকিয়া, প্রাইমার্ক, টেসকো ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে।
তবে বিশ্বজুড়ে ফাস্ট ফ্যাশনের চাহিদা মেটাতে ব্যবহৃত পোশাক পুনর্ব্যবহারের এই শিল্পে কাজ করতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ছেন শ্রমিকেরা।
দুই হাত হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ
পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে পানিপথে এসেছিলেন ১৯ বছর বয়সী সুরজ কুমার। তিন মাস ধরে একটি কারখানায় পরিত্যক্ত পোশাক ছেঁড়ার যন্ত্রে কাপড় সরবরাহের কাজ করছিলেন তিনি। গত আগস্টের শেষ দিকে কারখানার একটি যন্ত্রে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে ছিটকে যন্ত্রের ভেতরে পড়ে যান সুরজ। ভয়াবহ ওই দুর্ঘটনায় পিষ্ট হয় তাঁর দুই হাত।
সুরজ বলেন, ‘দুই হাত হারানোর চেয়ে আমার মৃত্যু হলেই ভালো হতো।’
পরিবারের একমাত্র সন্তান সুরজের স্বপ্ন ছিল পানিপথে কাজ করে বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নেওয়া। কিন্তু দুর্ঘটনার পর এখন নিজেই পরিবারের ওপর বোঝা হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন তিনি। পরিবারের পাশে দাঁড়াতে যে কাজ শুরু করেছিলেন, সেই কাজই তাঁকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলেছে।
প্রতিদিন ঘটছে অঙ্গহানির ঘটনা
পরিবেশকর্মী রমেশ চৌধুরী গত পাঁচ বছর ধরে পানিপথের বিভিন্ন কারখানায় শ্রমিকদের আহত হওয়া, অঙ্গহানি ও মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করছেন। তাঁর হিসাব অনুযায়ী, শহরটিতে প্রতিদিন অন্তত একজন শ্রমিক কোনো না কোনো অঙ্গ হারাচ্ছেন। কোনো কোনো দিন এই সংখ্যা পাঁচজন পর্যন্ত পৌঁছায়।
কারখানায় শ্রমিক সরবরাহকারী ঠিকাদারদের একটি নেটওয়ার্কের মাধ্যমে তিনি এসব তথ্য সংগ্রহ করেন। তবে সব দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছায় না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করেন তিনি।
দ্য গার্ডিয়ান চলতি বছরের ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পানিপথের ১১টি বেসরকারি ও দুটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্রমিকদের দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ করে। ওই সাত দিনে টেক্সটাইল কারখানার শ্রমিকদের গুরুতর অঙ্গহানির ছয়টি ঘটনা পাওয়া যায়। এর মধ্যে দুজন একটি করে হাত, একজন দুই হাত, একজন একটি পা এবং অন্য একজন আঙুল হারিয়েছেন। আরেকজনের একটি হাত বিচ্ছিন্ন হয়েছে।
রমেশ চৌধুরীর মতে, কারখানার যন্ত্রপাতিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। কোনো শ্রমিক যন্ত্রে আটকে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও সেটি সঙ্গে সঙ্গে থামে না। যন্ত্র পুরোপুরি বন্ধ হওয়ার আগেই শ্রমিকের শরীরের ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পানিপথের বিভিন্ন সুতা উৎপাদন ইউনিট ও কারখানা পরিদর্শন করে শ্রমিকদের নিরাপত্তাসামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি। সাক্ষাৎকার দেওয়া শ্রমিকদের কেউই নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ পাওয়ার কথা জানাননি।
আইন আছে, নিরাপত্তা নেই
ভারতের ১৯৪৮ সালের ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুযায়ী, কারখানার মালিকদের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও আছে। কিন্তু বাস্তবে এসব আইন কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিল্পক্ষেত্রে দুর্ঘটনা কমাতে কাজ করা সংস্থা সেফ ইন ইন্ডিয়া ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা সন্দীপ সাচদেব বলেন, কারখানায় ক্রেতা প্রতিষ্ঠান ও সরকারি শিল্পনিরাপত্তা বিভাগের নিরীক্ষা হলেও শ্রমিকদের নিরাপত্তা যথেষ্ট গুরুত্ব পায় না। পণ্যের গুণগত মান ও বাণিজ্যিক শর্তের ওপরই বেশি নজর দেওয়া হয়।
সরকারি পরিদর্শনের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে কারখানা নির্বাচন করা হলেও পরিদর্শকদের সেখানে যাওয়ার আগে কর্তৃপক্ষকে জানাতে হয়। এতে অনিরাপদ কর্মপরিবেশ থাকা কারখানাগুলোতে পরিদর্শনের কার্যকারিতা কমে যাচ্ছে বলে মনে করেন সন্দীপ সাচদেব।
পা হারিয়ে জীবিকা হারিয়েছেন ১৮ বছরের শ্রমিক
বিহারের ছাপড়া এলাকার পঞ্চাশোর্ধ্ব রামাশঙ্কর সিং পানিপথের বিভিন্ন কারখানায় টানা ১৮ বছর কাজ করেছেন। কিন্তু গত বছর একটি দুর্ঘটনায় তাঁর একটি পা কেটে ফেলতে হয়।
কারখানায় কাজ করার সময় একটি গরম বল বেয়ারিং তাঁর পায়ের ওপর পড়ে। প্রথমে কারখানার পক্ষ থেকে পরিত্যক্ত কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দেওয়া হয়। পরে তাঁকে একটি ওষুধের দোকানে পাঠানো হয়। কিন্তু ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পরিস্থিতির অবনতি হলে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ততক্ষণে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসকদের হাঁটুর ওপর থেকে তাঁর পা কেটে ফেলতে হয়।
রামাশঙ্কর জানান, কারখানার মালিক তাঁকে অন্য কোনো কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি সরকারি প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থাও করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কোনোটিই বাস্তবায়িত হয়নি। বর্তমানে একটি দাতব্য সংস্থার দেওয়া কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করছেন তিনি।
রামাশঙ্কর বলেন, ‘কাজ ছাড়া কীভাবে বাঁচতে হয়, তা আমি প্রায় ভুলেই গেছি। এখন দিনের বেশির ভাগ সময় বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কাটে।’
৯২ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক কর্মসংস্থানে
ভারতের টেক্সটাইল শিল্প দেশটির কৃষির পর দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের খাত। এ শিল্পে সরাসরি কর্মরত মানুষের সংখ্যা ৪ কোটি ৫০ লাখের বেশি। তবে এই খাতের মোট শ্রমশক্তির প্রায় ৯২ শতাংশই অনানুষ্ঠানিকভাবে নিয়োজিত।
এস্তোনিয়াভিত্তিক প্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেসের কর্মসূচি ব্যবস্থাপক ইনা বাহুগুনার তথ্য অনুযায়ী, পানিপথের ৯০ শতাংশের বেশি শ্রমিক অনানুষ্ঠানিকভাবে কাজ করেন। ফলে তাঁদের বড় অংশই আনুষ্ঠানিক নিয়োগচুক্তি, পেনশন ও অন্যান্য সামাজিক নিরাপত্তাসুবিধা থেকে বঞ্চিত।
বিশেষ করে উৎপাদন বিভাগে সরাসরি কাজ করা শ্রমিকদের অধিকাংশেরই এসব সুবিধা নেই। ফলে দুর্ঘটনায় গুরুতর আহত হলে চিকিৎসার খরচ, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের নিশ্চয়তা পান না তাঁরা।
দ্য গার্ডিয়ানকে কয়েকজন কারখানার মালিক জানিয়েছেন, শ্রমিকেরা মৌসুমি অভিবাসী হওয়ায় তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় না। অনেক শ্রমিক বাড়িতে যাওয়ার পর আর পানিপথে ফিরে আসেন না। এ কারণে তাঁদের চুক্তিভিত্তিক অথবা উৎপাদনের পরিমাণ অনুযায়ী মজুরিতে নিয়োগ দেওয়া হয়।
হাত হারিয়ে ছয় বছর আইনি লড়াই, ক্ষতিপূরণ মেলেনি
২০১৭ সালে একটি কারখানায় কাজ করার সময় চীনে তৈরি কার্ডিং মেশিনে হাত আটকে যায় ইন্দ্রপাল সিংয়ের। যন্ত্রটি তাঁর হাতের চামড়া ছিঁড়ে ফেলে। পরে সংক্রমণ বেড়ে যাওয়ায় হাত কেটে ফেলতে হয়। কিন্তু কারখানার মালিক তাঁর চিকিৎসার খরচ দিতে অস্বীকৃতি জানান।
এরপর ছয় বছর আদালতে আইনি লড়াই করেও কোনো ক্ষতিপূরণ পাননি বলে জানান ইন্দ্রপাল। পুলিশের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল, তিনি অভিযোগ প্রত্যাহারের কাগজে স্বাক্ষর করেছেন। তবে ইন্দ্রপাল দাবি করেন, তিনি পড়তে বা লিখতে পারেন না।
তিনি বলেন, ‘আমি আমার হাত হারিয়েছি, ছয় বছর ধরে আইনি লড়াই করেছি। শেষ পর্যন্ত পেয়েছি মাত্র ৫ হাজার ৭০০ রুপির সরকারি পেনশন। কারখানার মালিককে কোনো পরিণতির মুখোমুখি হতে হয়নি। কারখানাটিও আগের মতোই চলছে।’
পরিবেশকর্মী রমেশ চৌধুরীর মতে, কারখানার মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা খুবই সীমিত। মালিকদের আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে অনেক শ্রমিক তাঁদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সাহস পান না।
এক শতাংশেরও কম দুর্ঘটনা পুলিশের নথিতে
পানিপথের ১২টি থানার একটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ কুমার জানিয়েছেন, চলতি বছর তাঁর থানায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হওয়ার মাত্র তিনটি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনার এক শতাংশেরও কম ঘটনা পুলিশের কাছে পৌঁছায় এবং আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়। অধিকাংশ দুর্ঘটনা আইনি প্রক্রিয়ার বাইরে মীমাংসা করা হয়। এসব ক্ষেত্রে শ্রমিকেরা চিকিৎসার খরচ বাবদ এককালীন কিছু অর্থ পেলেও দুর্ঘটনার দীর্ঘমেয়াদি পরিণতি তাঁদের নিজেদেরই সামলাতে হয়।
দুই হাত হারানো সুরজ কুমারের চিকিৎসার খরচ আপাতত বহন করছেন কারখানার মালিক। এ কারণে তাঁর পরিবার কিছুটা স্বস্তিতে থাকলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটেনি। সুরজের মা সীতা মালিককে তাঁদের কাছে ঈশ্বরের মতো বলে উল্লেখ করেছেন। তবে দুই হাত হারিয়ে সুরজের জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে।
সুরজের স্বপ্ন ছিল দুই বছর কঠোর পরিশ্রম করে নিজের জন্য একটি মোটরসাইকেল কেনার। জীবন নিয়ে ছিল অনেক পরিকল্পনা। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। এখন নিজের দুই হাত ছাড়াই কীভাবে বেঁচে থাকতে হবে, সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।



.png)
.png)