ঢাকা,  বুধবার
১৪ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনা ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৬:০৪, ১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনা ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনাকে সরকার ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়, (জুলাই) আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে।’

ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে বিমানবন্দরে তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণেই তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। তিনি নিজেও দেশে বসে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। তবে সমালোচনার নামে এ ধরনের হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে হেনস্তার শিকার এক অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা ছিল, তা যথাযথভাবে দেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখবে সরকার।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক গণমাধ্যমের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনা ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। তবে কেউ আইনি সীমা লঙ্ঘন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে পারেন।

অপসাংবাদিকতা মোকাবিলায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে প্রেস কাউন্সিলের আইন পরিবর্তনসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।

Advertisement
Advertisement