ঢাকা,  সোমবার
০২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি

প্রকাশিত: ১৬:৪১, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪১, ২ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের মুখে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষে বিজিবির একাধিক সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ ও বিজিবি। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও আন্দোলন চলাকালে একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সোমবারও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে।

Advertisement
Advertisement