১৯১৬ সালের ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল চিঠিটি। ঠিকানা দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোড। এতদিন পরে সঠিক ঠিকানাতেই পৌঁছেছে চিঠি। তবে ওই ঠিকানার বর্তমান বাসিন্দারা চিঠিটি পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
চিঠিটি ফিনলে গ্লেন গ্রহণ করেছিলেন। তিনি বলেন, দেখলাম, চিঠির গায়ে সাল লেখা ১৬। ভেবেছিলাম ২০১৬ সাল। তারপর খেয়াল করলাম, ডাকটিকিটে রানির বদলে রাজার ছবি। বুঝলাম, এ চিঠি ২০১৬ সালের হতেই পারে না।
তবে জানা যায় গ্লেনের কাছে চিঠিটি এসেছিল আরও বছর দুয়েক আগে। সম্প্রতি তিনি এটি নিয়ে স্থানীয় হিস্টোরিক্যাল সোসাইটিতে গিয়েছিলেন।
চিঠির খামের গায়ে রাজা পঞ্চম জর্জের মুখওয়ালা এক পেন্সের একটা ডাকটিকিট লাগানো ছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে এ চিঠি পোস্ট করা হয়েছিল।
ইংল্যান্ডের পোস্টাল সার্ভিস অ্যাক্ট ২০০০ অনুযায়ী, অন্যের ঠিকানায় লেখা চিঠি খোলা অপরাধ। তবে চিঠিটার বয়স আঁচ করতে পেরে ২৭ বছর বয়সী গ্লেন ভেবেছিলেন এটা খোলা যেতেই পারে।
পরে চিঠিটির ঐতিহাসিক মূল্য অনুমান করতে পারে তিনি নরউড রিভিউ নামক স্থানীয় একটি ত্রৈমাসিক পত্রিকাকে এটি দিয়ে দেন।
ওই চিঠির সম্বোধনে লেখা ছিল, 'প্রিয় কেটি'। নরউড রিভিউ'র সম্পাদন স্টিফেন অক্সফোর্ডের মতে, এ কেটি ছিলেন স্থানীয় বাসিন্দা অসওয়াল্ড মার্শের স্ত্রী।
আর চিঠি যিনি লিখেছেন, তার নাম ক্রিস্টাবেল মেনেল। স্থানীয় চা ব্যবসায়ী হেনরি টিউক মেনেলের কন্যা ক্রিস্টাবেল পশ্চিম ইংল্যান্ডের বাথে ছুটি কাটানোর সময় চিঠিটি লেখেন।
১৮০০'র দশকে দক্ষিণ লন্ডনের এ জায়গাটিতে অনেক ধনী ও মধ্যবিত্ত পরিবার বাস করত। চিঠিটি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করবে নরউড রিভিউ। কিন্তু গ্লেনের কাছে এ চিঠি কীভাবে পৌঁছাল, তা এখনো রহস্যই থেকে গেছে।



.png)
.png)