ঢাকা,  মঙ্গলবার
১৩ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

প্রকাশিত: ১৩:৫২, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৬, ১২ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

ইসি সচিব

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সাধারণত নির্বাচনের ৪২ দিন বা ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

বৈঠকের অন্যান্য আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কার্যক্রম একটি কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি কিছু অভ্যন্তরীণ পুনর্বণ্টনের অনুমোদন দেওয়া হয়েছে।

মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে সময়মতো বাদ দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পরীক্ষামূলকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। এর কার্যকারিতা ও সফলতা মূল্যায়নের পর প্রয়োজনে সারা দেশে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হতে পারে।

Advertisement
Advertisement