ঢাকা,  সোমবার
১২ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ছিলেন তাজমিন, বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ১৫:৫৪, ১১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ছিলেন তাজমিন, বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ছিলেন তাজমিন, বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা

কুমিল্লায় ধর্ষণের পর হত্যা করা স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার পর ব্রাহ্মণবাড়িয়া হয়ে কক্সবাজারে যান তিনি। সেখানে ‘রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয়ে একটি আবাসিক হোটেলে এক রাত অবস্থান করেন। পরে বাড়ি ফেরার পথে কুমিল্লার পদুয়ারবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর চালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি।

রোববার (১১ অক্টোবর) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে ওঠেন তাজমিন। হোটেলের ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেওয়ার সময় তাকে রাজুর স্ত্রী হিসেবে পরিচয় দেয়া হয়। হোটেলের রেজিস্ট্রারে তাজমিনের নাম লেখা হয় ‘তানজু আক্তার’ এবং বয়স উল্লেখ করা হয় ১৮ বছর। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছাড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান এবং রিলসের মাধ্যমে রাজুর সঙ্গে তাজমিনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে জানা গেছে। পরিচয়ের সময়কাল নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রায় তিন বছর ধরে কাজ করছেন বলে তার এক সহকর্মী জানিয়েছেন।

তাজমিনের কক্সবাজার যাওয়ার পেছনে পারিবারিক অভিমানের বিষয়টিও উঠে এসেছে। গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান তিনি। পরে রাজুর সঙ্গে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে তাকে ৫০০ টাকা পাঠানো হয়। এরপর তাজমিন কক্সবাজারে পৌঁছান।

কক্সবাজারে এক রাত অবস্থানের পর বাড়ি ফেরার জন্য বাসের টিকিট সংগ্রহ করেন তাজমিন ও রাজু। ট্রাভেল কাউন্টারের প্রতিনিধি আবদুল্লাহ জানান, ৬ অক্টোবর রাতে তারা পরদিনের বাসের টিকিট নেন। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তাজমিনকে বাসে তুলে দেয়া হয়। রাজু তার জন্য ৯০০ টাকা মূল্যের টিকিট কেটে দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ৭ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামেন তাজমিন। এরপর শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। কিন্তু চালক সুমন তাকে গন্তব্যে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার নির্জন স্থানে নিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে তাজমিনকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ৮ অক্টোবর সকালে ওই এলাকার একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।

রাজুর এক সহকর্মীর দাবি, বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রাজুর ফোনে কথা হচ্ছিল। চালকের বিষয়েও তাদের কথা হয়। তবে রাত দেড়টার দিকে তাজমিনের ফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে গেলে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ দিকে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে তাজমিনের মা কেয়া খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন তাজমিন নির্দিষ্ট কোনও ঠিকানা না জানিয়ে এক বান্ধবীর বাসায় থাকার কথা বলেছিলেন। মা তাকে ফিরিয়ে আনতে চাইলেও কোথায় আছেন, তা স্পষ্ট করে জানাননি।

তাজমিনের গৃহশিক্ষক সাদ বিন এরশাদ বলেন, তাজমিন চঞ্চল স্বভাবের ছিল। রাগ বা অভিমান হলে প্রায়ই একা বাড়ি থেকে বেরিয়ে যেত। তবে মা অসুস্থ থাকলে যমজ দুই ছোট ভাইয়ের যত্ন নিতো সে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা মোবাইল ফোনের কলতালিকা ও অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলে জানান তিনি।

Advertisement
Advertisement