ঢাকা,  বৃহস্পতিবার
২৯ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ অক্টোবর ২০২৬

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

কে এম তাহসিন সাউরি

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, তাহসিন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাহসিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement
Advertisement

আরো পড়ুন