ঢাকা,  রোববার
০৪ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

রিয়াদের পাশে সৌদি আরামকোর তেল অবকাঠামোয় হুতিদের হামলা

প্রকাশিত: ০৯:৩১, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:৩৬, ৪ অক্টোবর ২০২৬

রিয়াদের পাশে সৌদি আরামকোর তেল অবকাঠামোয় হুতিদের হামলা

সৌদি আরামকোর তেল অবকাঠামো

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে জ্বালানি তেলের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তাদের দাবি, সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ ওই জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার। হুতিদের হামলার দাবি প্রকাশের আগেই রিয়াদের দক্ষিণাঞ্চলের একটি জ্বালানি তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে শোধনাগারে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো।

হামলার বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, রাজধানী সানাসহ ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় সৌদি আরব হামলা চালাচ্ছে। এর জবাবেই রিয়াদের কাছে সৌদি আরামকোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, হুতিদের হামলার পর রিয়াদের কাছে ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়।

হুতি মুখপাত্র আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করে আসছে।

এদিকে, ইয়েমেনের আরও কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মানদেব প্রণালিতে নিজেদের অবস্থান জোরদার করেছে হুতিরা। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি ও ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাতও অব্যাহত রয়েছে।

এরই মধ্যে হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। সৌদি আরব-সমর্থিত এই বাহিনীর দাবি, গত কয়েক দিনের সংঘর্ষে হাজারো হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। তবে এই দাবিরও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ পরিস্থিতিতে হুতিদের সামরিকভাবে কোণঠাসা করতে বড় ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। হুতিদের বিরুদ্ধে অভিযানে সৌদি আরব যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছে বলেও দাবি করা হয়েছে।

Advertisement
Advertisement