ঢাকা,  বৃহস্পতিবার
২৪ সেপ্টেম্বর ২০২৬

Advertisement
Advertisement

হামলার আশঙ্কায় মক্কাসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে উচ্চ সতর্কতা

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার আশঙ্কায় মক্কাসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে উচ্চ সতর্কতা

হামলার আশঙ্কায় মক্কাসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে উচ্চ সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের কাছে জরুরি বার্তা পাঠায়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে, মক্কা নগরীর পাশাপাশি লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ ইয়ানবু গভর্নরেট এবং তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও সতর্কবার্তা পাঠানো হয়। সম্ভাব্য বিপদ সম্পর্কে বাসিন্দাদের আগাম সতর্ক করতেই এসব বার্তা দেওয়া হয়েছে।

সাধারণত ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশঙ্কা তৈরি হলে সৌদি আরবের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের সতর্কতা জারি করা হয়। তবে এবারের সতর্কতার পেছনে সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য ছিল কি না, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

মক্কায় ড্রোন হামলার অভিযোগ

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা।

সৌদি আরবের দাবি, হামলার উদ্দেশ্যে পাঠানো ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে মক্কায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের এই অভিযোগ ভিত্তিহীন।

এর কয়েক দিনের মধ্যেই সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় হুথিরা। কয়েক বছরের মধ্যে রাজধানী লক্ষ্য করে এমন হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা, উদ্বেগে সৌদি আরব

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও সাম্প্রতিক মাসগুলোতে আবারও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে।

চলতি মাসের শুরুতে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে গুরুত্বপূর্ণ মোখা বন্দর ও কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। 

গত ১৯ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রাজধানীমুখী একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সময়ে ইয়ানবুর তেল স্থাপনাসহ আরও কয়েকটি স্থানে হামলার দাবি করে গোষ্ঠীটি। 

তেল পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ

হুথিদের সাম্প্রতিক হামলা এবং লোহিত সাগর উপকূলে তাদের অগ্রযাত্রা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মক্কাসহ একাধিক অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে সৌদি কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদ কেটে গেছে। একই সঙ্গে বাসিন্দাদের সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement