পেনশন
অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন পাঁচ ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বৃদ্ধির হার বেশি হবে। নতুন বেতনকাঠামোয় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করা হয়। তবে তা প্রকাশ করা হয়েছে আজ শনিবার। নতুন এই বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যাঁরা সর্বনিম্ন ৯ হাজার টাকা পেনশন পান, তাঁদের পেনশন বেড়ে হবে ১৮ হাজার টাকা। আর বর্তমানে যাঁরা মাসে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পান, তাঁদের পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।
পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে পাঁচটি ধাপে। মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে বাড়বে ৭৫ শতাংশ।
এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদন করে। ওই দিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ (ওআরওপি) পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই একই সঙ্গে এই পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন। তবে ওআরওপি চালু করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে অবসরে যাওয়া কর্মচারীদের তথ্য না থাকায় তা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এ কারণে পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।



.png)
.png)